Scientific Bangladesh

এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশে বিজ্ঞানী প্রফেসর তোফাজ্জল ইসলামের বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত
"Biotechnological Innovation for Food Security and Bioeconomy of Bangladesh"

এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ মিলনায়তনে আজ “হালিমা বেগম এবং শেখ শরফুদ্দীন ট্রাস্ট ফান্ড বক্তৃতা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন বিজ্ঞান একাডেমির ফেলো এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম।

অসুস্থতাজনিত কারণে প্রফেসর ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়ার অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অণুজীববিজ্ঞানী প্রফেসর ড. মো. মজিবুর রহমান।

প্রফেসর তোফাজ্জল ইসলাম তাঁর “Biotechnological Innovation for Food Security and Bioeconomy of Bangladesh” শীর্ষক বক্তৃতায় বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় আধুনিক জীবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে দেশীয় সমস্যাভিত্তিক গবেষণায় তাঁর গবেষণাদলের সাফল্য উপস্থাপন করেন। বিশেষ করে ২০১৬ সালে গমের ব্লাস্ট রোগের মহামারি প্রাদুর্ভাবের জিনগত পরিচয় এবং এর উৎস আবিষ্কারের রোমাঞ্চকর যুগান্তকারী গবেষণার অভিজ্ঞতা ভাগ করে নেন।

একইসঙ্গে তিনি তাঁর উদ্ভাবিত ‘পয়েন্ট অব কেয়ার’ র‌্যাপিড ডায়াগনস্টিক কিট, ব্লাস্ট-প্রতিরোধী গমের জাত উদ্ভাবন এবং টেকসই কৃষি প্রযুক্তির কথা আলোচনা করেন। তাঁর উপস্থাপনায় দিনের আলোতে সক্রিয় রিচার্জেবল TiO₂ ন্যানোক্যাটালিস্ট এবং এন্ডোফাইটিক ব্যাসিলাসের সমন্বয়ে তৈরি কার্যকর বায়োফাঙ্গিসাইড প্রযুক্তি উদ্ভাবনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানে দেশ-বিদেশের ১০০ জনেরও বেশি বিজ্ঞানী ও গবেষক সশরীরে অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ও বিশিষ্ট বিজ্ঞানী ড. জে এন তাহমিদা এবং ব্রি-এর সাবেক মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে বিএএস অ্যাসোসিয়েট ফেলো প্রফেসর কামরুন্নাহার, আইইডিসিআর এ জুনেটিক ডিজিজ রিসার্স প্রোগ্রামে গবেষনা কর্মকর্তা মো: আরিফ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আরও ৩০ জন বিজ্ঞানী ও গবেষক যুক্ত হন।

আন্তর্জাতিক কোলাবোরেশন এবং অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের জীবপ্রযুক্তি বিষয়ে মৌলিক গবেষণা এবং সেই ফলাফল প্রযুক্তি হিসেবে মাঠ পর্যায়ে ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা এবং জীবঅর্থনীতিতে অবদান রাখায় আলোচনায় অংশগ্রহণকারী সকলেই প্রফেসর তোফাজ্জলের ভূয়সী প্রশংসা করেন।

প্রায় এক ঘণ্টার দীর্ঘ বক্তৃতার পর একটি প্রাণবন্ত ও মিথস্ক্রিয়ামূলক আলোচনা বক্তৃতাটিকে আরও অর্থবহ করে তোলে। ট্রাস্ট ফান্ডের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবদুর রহিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে গবেষক ও শিক্ষার্থীরা জিনোম এডিটিং এবং ন্যানোপ্রযুক্তির মতো আধুনিক উদ্ভাবনগুলো নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

উপস্থিত সুধীবৃন্দ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও জীবঅর্থনীতি নিশ্চিতকরণে প্রফেসর ইসলামের যুগান্তকারী গবেষণা উদ্ভাবন এবং তা শিল্পপ্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যবহারের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top